ফয়জুল করীম ও মনীষা চক্রবর্তী
ফয়জুল করীম ও মনীষা চক্রবর্তী

বরিশালের ৬টি আসন

ফয়জুল করীম ও মনীষার হার, ছয় আসনেই বিএনপির জয়

বরিশাল জেলার ছয়টি আসনের সব কটিতেই বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানের জন্য লড়াই হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোটের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) বিএনপি–মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।

বরিশাল-৫ (মহানগরী ও সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম ৯৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ৮২ হাজার ২১৭ ভোট পেয়েছেন বিএনপির আবুল হোসেন খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুন্নবী ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।