মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। ছবি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তোলা
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। তাঁরা হলেন—মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার রবিউল ফকির (৩৭), হোসেন ফকির (৩৫), সাইফুল শিকদার (৩৮) ও বাদল (৪০)। এর মধ্যে বাদল আর সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নতি চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার দুপুরে জমির সীমানা বেশি কাটা নিয়ে বাদল শিকদারের সঙ্গে রবিউল ফকিরের কথা-কাটাকাটি হয়। এ সময় স্থানীয় মাতবর দুই পক্ষকে বসিয়ে সালিস মীমাংসা করে দেন। আজ সকালে জমিতে কাজ করতে যান রবিউল ফকির। এ সময় জমিতে বীজ রোপণ নিয়ে দুই পক্ষের মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জায়িন আরেফিন বলেন, মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাঁদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। ভর্তি হওয়া চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সংঘর্ষে আহত রবিউল ফকির বলেন, ‘বাদল শিকদারের লোকজন সকালে আমার জমির সীমানা থেকেও বাড়তি জমি কেটে নেয়। পরে বীজ রোপণ শুরু করে। আমি প্রতিবাদ জানালে বাদল আমার লোকজনের ওপর হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।’

বাদল শিকদার বলেন, ‘আমি আমার জমির সীমানা কাটি। বীজ রোপণ করি। জমি আমার, আমি আমার ইচ্ছেমতো কাজ করব। কিন্তু রবিউল অন্যায়ভাবে আমাকে বাধা দেয়। হামলা সংঘর্ষের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, জমির সীমানা নির্ধারণ ও বীজ রোপণ নিয়ে শিকদার ও ফকির বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। হাসপাতাল ও ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।