কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের কর্মীদের ওপর হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ দুপুরে
কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের কর্মীদের ওপর হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ দুপুরে

মহেশখালীতে মাইকে ঘোষণা দিয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা

কক্সবাজারের মহেশখালী দ্বীপে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযানে গিয়ে বন বিভাগের কর্মীরা হামলার শিকার হন। বন বিভাগের দাবি, দখলদারেরা পরিকল্পিতভাবে লোক জড়ো করে হামলা চালিয়েছেন।

মহেশখালী বনরেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হ‌ুমায়ূন কবির বলেন, সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। দুপুরের দিকে অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উসকানি দিতে স্থানীয়ভাবে মাইকিং করে। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীদের ওপর হামলা চালান।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পুলিশ ও বন কর্মকর্তারা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বনকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।