দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের ৫০০ টন সার ভেসে গে‌ল

বাগেরহাট জেলার মানচিত্র
বাগেরহাট জেলার মানচিত্র

মোংলা বন্দরের পশুর নদে ২৫ জানুয়া‌রি ডুবে যাওয়া লাইটার জাহাজের ৫০০ টন সারই পানিতে ভেসে গেছে। ডুবন্ত জাহাজ‌টি থেকে সার অপসারণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেখানে কোনো সার পাওয়া যায়নি। জাহাজে থাকা সব সার নদের পানির সঙ্গে মিশে গে‌ছে বলে জানিয়েছে ওই জাহাজের মালিকপক্ষ।

গত ২৫ জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে ‘শাহজালাল এক্সপ্রেস’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। ওই জাহাজ‌ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডা থেকে ৫০০ মেট্রিক টন সার (এমওপি) আমদানি করেছিল। বন্দর কর্তৃপক্ষ থেকে বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল থে‌কে ডুবে যাওয়া লাইটার জাহাজটি থেকে সার উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়া‌রি থেকে জাহাজটির মালিকপক্ষ এটি উদ্ধারে তৎপরতা চালায়।

লাইটার জাহাজের মালিক আজাহার সিদ্দিক আজ সকালে বলেন, লাইটার জাহাজ এবং জাহাজে থাকা সার উদ্ধারে মোংলা ও খুলনার ডুবুরি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুরুতে ডুবুরিরা ওই জাহাজে সার অপসারণের চেষ্টা চালানো হলেও সেখানে সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জাহাজে থাকা ৫০০ টন সারই নদে বিলীন হ‌য়ে গেছে। উদ্ধারের সময় সার আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া লাইটার জাহাজটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে চট্টগ্রাম থেকে বিশেষ ধরনের একটি নৌযান (ফ্ল্যাট বোট) রওনা দি‌য়ে‌ছে। আগামী ২০ দিনের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

জাহাজের সব সার নদের পানির সঙ্গে মিশে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিপুল পরিমাণ সার নদের পানির সঙ্গে মিশে গেছে। এতে নদের জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হবে। উপকূলবর্তী সুন্দরবনের পরিবেশও নষ্ট হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ ব‌লেন, গত ২৫ জানুয়ারি মোংলা বন্দরের হারবাড়িয়া-৯-এ অবস্থান করা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি ভিটা অলিম্পিক’ থেকে সার নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয় লাইটার জাহাজ শাহজালাল এক্সপ্রেস। পথে হারবাড়িয়া-৮ এলাকায় লাইটার জাহাজটি ক্লিংকার নিয়ে অবস্থান করা ‘সুপ্রিম ভ্যালর’ নামে একটি বিদেশি জাহাজকে ধাক্কা দেয়। এতে লাইটার জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে গেলে জাহাজটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। এ সময় লাইটার জাহাজে থাকা ৯ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেয় বন্দর কর্তৃপক্ষ। তবে আজ দুপুর পর্যন্ত জাহাজটি‌ উত্তোলন করা যায়নি।