
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামী তিন দিন ধরে পরীক্ষার জন্য প্রায় তিন লাখ শিক্ষার্থী ও অভিভাবক সারা দেশ থেকে রাজশাহী শহরে ঢুকছেন। অনেকেই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাসা, মেস ও আবাসিক হোটেলে উঠেছেন। কিছু শিক্ষার্থী চেষ্টা করেও কোথাও জায়গা পাননি। তাঁরা আশ্রয় নিয়েছেন রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মে।
এই শিক্ষার্থী-অভিভাবকের কেউ কেউ এসেছেন গতকাল রোববার বিকেল ও রাতে, কেউ কেউ এসেছেন আজ ভোরে। অনেকেরই রাত কেটেছে রেলস্টেশনের চেয়ারে, মসজিদে। স্টেশনের যাত্রী–হাঙ্গামার মধ্যেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বই খুলে বসেছেন। আজ সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। সেই হিসাবে অভিভাবকসহ প্রায় ৩ লাখ মানুষ পরীক্ষা উপলক্ষে শহরে আসছেন। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজন করা একটি সভায় মেসমালিকেরা বিনা মূল্যে তাঁদের মেসে ভর্তি পরীক্ষার্থীদের রাখার ঘোষণা দেন।
মেসগুলোয় ধারণক্ষমতা প্রায় ৫০ হাজার। বাকি শিক্ষার্থীরা বিভিন্নভাবে থাকবেন।
রাজশাহী রেলস্টেশনের কয়েকজন ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকের সঙ্গে কথা হয়। শর্মিলা সরকার নামের এক ভর্তি-ইচ্ছুক এসেছেন খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে। সঙ্গে এসেছেন তাঁর বাবা। শর্মিলা প্রথম আলোকে বলেন, ‘হোটেল তো দূরের কথা, ট্রেনের টিকিটই জোগাড় করতে পারিনি। শেষ পর্যন্ত ট্রেনে দাঁড়িয়ে আসার সিদ্ধান্ত নিই। স্টেশনে এসে খুলনা থেকে পোড়াদহ পর্যন্ত বাবা-মেয়ে দুটি টিকিট পাই। এরপর রাজশাহী পর্যন্ত বাকি পথ দাঁড়িয়ে এসেছি।
আগের দিন দুপুর ১২টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। গত রাত ১১টার দিকে রাজশাহী স্টেশনে পৌঁছেছি। তার পর থেকে এই চেয়ারে বসে আছি। আজ বিকেলে আমার পরীক্ষা।’ ঢাকা থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী রেলস্টেশনে এসেছেন জারিফা আক্তার। সঙ্গে এসেছেন তাঁর মা। তিনি কোথাও থাকার জায়গা পাননি। হোটেলেও সিট পাননি।
বাধ্য হয়ে মা-মেয়ে স্টেশনের চেয়ারেই সারা রাত বসে ছিলেন। জারিফার পরীক্ষা বেলা ১১টার দিকে। আগের দিন দুপুর ১২টার দিকে তাঁরা বাসা থেকে বেরিয়েছিলেন। এই ২৪ ঘণ্টা তাঁরা এভাবেই কাটিয়েছেন।
মোহাম্মদ শাহেদ নামের এক ভর্তি-ইচ্ছুক ঢাকা থেকে ভোর সাড়ে ছয়টায় রাজশাহীতে এসে পৌঁছেছেন। তাঁর থাকার জায়গা নেই। তাই স্টেশনে উঠেছেন। তাঁর পরীক্ষা আগামীকাল মঙ্গলবার। এ সময়টা তিনি স্টেশনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারে যাঁরা বসার জায়গা পাননি, তাঁরা স্টেশনের বিভিন্ন পিলারের নিচে বসার জায়গায় বসে পড়ছেন। সারা রাত জাগার কারণে কেউ শুয়ে, কেউ আধশোয়া হয়ে বই পড়ছেন।