লাশ
লাশ

নেত্রকোনায় শুঁড় দিয়ে টেনে কৃষককে আছড়ে মারল হাতি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে।

এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ভারত সীমান্তের পাহাড় থেকে বন্য হাতির দল নেমে আসে। পাকা ধানখেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করতে চাইলে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন হাতির দলকে তাড়া দেন। ১৫ থেকে ২০টি হাতি তখন টিলায় উঠে যায় এবং সেখানেই অবস্থান করতে থাকে।

গতকাল সন্ধ্যার পর হাতির দল খেতে নামলে ফসলের ক্ষতি এড়াতে প্রান্ত রাংসাসহ অন্যরা টর্চলাইট ও মশাল জ্বালিয়ে পাহারা দেন। হাতির দল তখন চলে যায়। পরে দিবাগত রাত একটার দিকে প্রান্তসহ অন্য কৃষকেরা বাড়ি ফেরার পথে হাতির দল তাদের তাড়া দেয়। একটি হাতি প্রান্তকে শুঁড় দিয়ে টেনে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রান্তের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রান্ত রাংসার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলেছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

গত সাড়ে তিন বছরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় হাতির আক্রমণে ৩ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হন।