
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-২ আসনের বিএনপি–দলীয় সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা (ইলেন ভুট্টো)। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে ঝালকাঠি পৌর শহর ও নলছিটি পৌর শহরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালান। এ সময় তিনি ৫ নভেম্বরের গণসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
এ প্রচারাভিযানে অংশ নেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ইসরাত সুলতানা।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে বরিশালের বিভাগীয় সমাবেশে যোগ দেব। ঝালকাঠি থেকে ২০-২৫ হাজার নেতা-কর্মী ওই সমাবেশে যোগ দেবেন। গাড়ি না পেলে ট্রলারযোগে বা পায়ে হেঁটে সমাবেশে যাব। ইতিমধ্যে ঝালকাঠি বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন বাস ধর্মঘটের ডাক দিয়েছে। নৌপথেও সরকারি দলের নেতা-কর্মীরা বাধা সৃষ্টির পাঁয়তারা করছেন।’