
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলার জরুরি সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সভায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে ও আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেওয়া হয়। এরপর সন্ধ্যায় জেলা তথ্য অফিস থেকে রাঙামাটি শহরে এ বিষয়ে মাইকিং করা হয়।
এ ছাড়া সভায় আজ বিকেল পাঁচটা থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
আজ বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।
সভায় বলা হয়, ভারী বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ৩০টি স্থান চিহ্নিত করা হয়েছে। খোলা হয়েছে ২২টি আশ্রয়কেন্দ্র। জেলার ৯টি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল ও উদ্ধারকারী দল।