
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের অভ্যুদয়ের সব আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতার অবিস্মরণীয় অবদান ছিল। বঙ্গবন্ধুর কারাজীবনের ১২টি বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অপরিসীম দুঃখ-কষ্টে সংসার চালান। আমৃত্যু রাজনীতির নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন। তাঁর কর্মময় আদর্শমণ্ডিত জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শ ম রেজাউল করিম এ কথা বলেন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ ম রেজাউল করিম আরও বলেন, জাতির পিতা ও বঙ্গমাতা এ দেশের মানুষকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতা ও বঙ্গমাতার অবদান এবং বাঙালি জাতির প্রতি তাঁদের ভালোবাসা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, মহিলাবিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক মো. জাকির হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক প্রমুখ।
আলোচনা সভা শুরুর আগে সকাল সাড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা। আলোচনা সভা শেষে ১৮ জন দুস্থ নারীকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক এবং ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।