
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৫)। তিনি একই ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামে গিয়ে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দামের মামা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন। গতকাল বুধবার বিকেলে মামার সঙ্গে দেখা করতে সাইকেলে করে একই উপজেলার গয়েজপুর গ্রামের রুস্তম আলী ব্যাপারী বাড়িতে যান সাদ্দাম। রাত ৯টার দিকে সেখান থেকে সাইকেলে তিনি নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন।
সাদ্দামের মামা মো. ইমাম আলী বলেন, রাত গভীর হলেও সাদ্দাম বাড়ি না ফেরায় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে খানপুর গ্রামের একটি নির্মাণাধীন কালভার্টের পাশে খালের পানিতে একটি লাশ পড়ে থাকার খবর দেন। সেখানে গিয়ে তাঁরা লাশটি সাদ্দামের বলে শনাক্ত করেন। সাদ্দামের হাত, নাক ও কানে আঘাতের চিহ্ন ছিল।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের লাশ উদ্ধার করেছে। লাশের সঙ্গে মুঠোফোন ও হাতঘড়ি পাওয়া গেছে। তবে তাঁর সাইকেলটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।