গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি দোকানের নিচে থাকা সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র দত্ত স্থানীয় ‘রুদ্র জুয়েলারি ওয়ার্কস’–এর মালিক গৌতম দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালেহা মার্কেট ভবনের নিচ তলায় অবস্থিত রুদ্র জুয়েলারি ওয়ার্কস দোকানটি একটি সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ছিল। রাতে হঠাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা রুদ্র দত্ত গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।