সোনাগাজীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের কথা বলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৩) নামের এক তরুণ চা–দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।অভিযোগে বলা হয়, গত রোববার রাতে বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে দোকানের ভেতরে আটকে কিশোরীকে ধর্ষণ করেন বখাটে সুমন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হবে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন চা–দোকানি মো. সুমন। কিশোরী বিষয়টি বাড়িতে তার মা-বাবাকে জানায়। তাঁরাও প্রতিকার চেয়ে সুমনের অভিভাবকের কাছে জানান। কিন্তু কোনো লাভ হয়নি। এ নিয়ে সালিসও হয়েছিল। এরই মধ্যে চার মাস আগে সুমনের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত রোববার রাতে বিয়ের বিষয়ে জরুরি কথা বলার জন্য মেয়েটিকে ডেকে নিয়ে সড়কের পাশে নিজের চায়ের দোকানে ধর্ষণ করেন সুমন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে মেয়েকে দোকানের পেছনে রেখে দরজায় তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যান সুমন। পরে স্থানীয় লোকজন ঘটনা জেনে মেয়েটিকে তার বাড়িতে পাঠান।ৎ

এ ঘটনায় গতকাল রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মো. সুমনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরীর বাবা বলেন, মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানার পর তিনি বিষয়টি স্থানীয় মাতব্বর ও ছেলের অভিভাবকদের জানান। তাঁরা বিষয়টি সমাধান করার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। ঘটনার পাঁচ দিন পরেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তিনি থানায় মামলা করেছেন। তিনি সুমনের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, আজ ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হবে। পরে ২২ ধরায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।