
মেঘ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের পদচারণে সকাল থেকেই মুখর হয়ে উঠেছে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বর। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কৃতী শিক্ষার্থীরা নেয় ক্রেস্ট ও উপহার। কেউ ছবি তুলছে, কেউ ভিড় জমিয়েছে গেম জোনে। আবার কেউ বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত।
আজ সোমবার সকাল ৯টায় নীলফামারীতে শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল মঞ্চের আয়োজন।
মা আছলিমা আক্তারকে সঙ্গে নিয়ে সৈয়দপুর থেকে অনুষ্ঠানে এসেছে কৃতী শিক্ষার্থী আবদুল্লাহ। সে সৈয়দপুর লায়নস স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। এবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে।
আবদুল্লাহ বলে, ‘এখানে আসব বলে কাল থেকেই মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। এখানে এসে ভালো লাগছে। না এলে অনেক কিছু অজানা থেকে যেত।’
মা আছলিমা আক্তার বলেন, ‘ছেলেকে নিয়ে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আসতে অনেক কষ্ট হলেও এখন ভালো লাগছে। প্রথম আলোর এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।’
সৈয়দপুর আল ফারুক একাডেমি থেকে জিপিএ-৫ পেয়েছে মাইসা আক্তার। বাবার মোটরসাইকেলে চড়ে নির্ধারিত সময়ের আগেই সে অনুষ্ঠানস্থলে আসে।
মাইসা বলে, কাল থেকে বৃষ্টি হচ্ছিল। এখানে আসতে পারবে কি না, এ নিয়ে রাতে তার অনেক চিন্তা হচ্ছিল। শেষ পর্যন্ত আসতে পেরে তার খুব ভালো লাগছে। প্রথম আলো তাদের জন্য ভাবে জেনে আরও ভালো লাগছে।
প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
প্রথম আলো যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া শুরু হয়। জিপিএ পদ্ধতি চালুর পর ২০০১ সাল থেকে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ আয়োজন চলছে।
এবার নীলফামারী পর্বে অংশ নিতে ৯ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সফল ব্যক্তিদের বক্তব্য, কৃতী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক আয়োজন।
এবারের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।