সাইকেলটি চালিয়ে মহাসমাবেশস্থলের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন সাবেদ আলী। বুধবার সকালে রংপুর নগরে
সাইকেলটি চালিয়ে মহাসমাবেশস্থলের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন সাবেদ আলী। বুধবার সকালে রংপুর নগরে

প্রধানমন্ত্রীকে ‘সাইকেল নৌকা’ দেখাতে চান মহাসমাবেশে আসা সাবেদ আলী

বিশেষভাবে তৈরি উঁচু দোতলা সাইকেল। সেই সাইকেলের সঙ্গে বিশেষ কায়দায় মাথার ওপর স্থাপন করা হয়েছে নৌকা। এটির নাম দেওয়া হয়েছে ‘সাইকেল নৌকা’।সাইকেলটি চালিয়ে প্রায় ৪০ কিলোমিটার দূরের পথ রংপুরের পীরগাছা উপজেলা থেকে রংপুর জিলা স্কুল মাঠ এলাকায় এসেছেন সাবেদ আলী নামের এক ব্যক্তি। তাঁর মাথার ওপর নৌকার সঙ্গে সাঁটানো ব্যানারে লেখা, ‘প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।’

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠে আজ বুধবার বিভাগীয় মহাসমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ সকাল থেকে মহাসমাবেশস্থলের আশপাশে মানুষের আনাগোনা বেড়েছে। সকাল থেকে সমাবেশস্থলের আশপাশে সেই সাইকেল নৌকা চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাবেদ আলী।

বিশেষ কায়দায় তৈরি ‘সাইকেল নৌকা’। সাইকেলটি চালিয়ে মহাসমাবেশস্থলের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন সাবেদ আলী। আজ বুধবার সকালে রংপুর জিলা স্কুল মাঠ এলাকায়

আজ সকালে রংপুর জিলা স্কুল মাঠের বাইরে সাবেদ আলীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেশ কিছু দিন হলো তিনি সাইকেল নৌকা তৈরি করেছেন। একটি সাধারণ সাইকেলের সঙ্গে আরও একটি সাইকেলের কাঠামো যুক্ত করে তার ওপর চারটি খুঁটির সাহায্যে নৌকা স্থাপন করেছেন। নৌকার বইঠা এক প্রান্তে, আরেক প্রান্তে প্রধানমন্ত্রীর হাত নাড়ানো একটি ছবি আছে।

নিজেকে আওয়ামী লীগের কর্মী ও শেখ হাসিনার সমর্থক দাবি করেন সাবেদ আলী। তাঁর পরনের গেঞ্জিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি সাঁটানো। গেঞ্জিতে লেখা, ‘রাজকন্যাকে রংপুরে স্বাগতম।’

‘সাইকেল নৌকা’ চালানো ব্যক্তিকে দেখছেন উৎসুক লোকজন। বুধবার সকালে রংপুর নগরে

সাবেদ আলী নিজ থেকেই বিশেষ এই ‘সাইকেল নৌকা’ বানিয়েছেন। আজ ভোরে তিনি মহাসমাবেশস্থলে আসেন। সকাল থেকে তিনি সমাবেশস্থলের আশপাশে সাইকেল নৌকা চালিয়ে বেড়াচ্ছেন। উৎসুক লোকজন সাবেদ আলীকে থামিয়ে কথা বলছেন। কেউ কেউ আবার সাইকেল নৌকা বানানোর কৌশল সম্পর্কে জেনে নিচ্ছেন।

সাবেদ আলীর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ এলাকায়। সাবেদ আলী বলেন, তাঁর জীবনের বড় ইচ্ছা, বিশেষভাবে তৈরি ‘সাইকেল নৌকা’ প্রধানমন্ত্রীকে দেখাতে চান। আর কোনো চাওয়া-পাওয়া নেই।

সাধারণ মানুষের উদ্দেশে সাবেদ আলীর ভাষ্য, উন্নয়নের জন্য অবশ্যই বারবার নৌকার সরকার দরকার। এ জন্য তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকার গঠনে সবার সহযোগিতা চান।

এদিকে সাড়ে চার বছর পর রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে সর্বশেষ এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। সে সময় তিনি রংপুরের দুটি উপজেলায় নির্বাচনী জনসভা করেছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন তিনি।