ঝড়ের মধ্যে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক আসামি নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক উপপরিদর্শক (এসআই) ও এক আসামি। গতকাল সোমবার রাতে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল নুরুল ইসলাম ও মো. সোহেল এবং আসামি লালন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন প্রথম আলোকে বলেন, জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য একটি মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত সাড়ে আটটার দিকে গোলাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আরোহীদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা কনস্টেবল নুরুল ইসলাম ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন।

ওসি মাজহারুল আমীন আরও বলেন, গুরুতর আহত এসআই আজিজুর হক ও কনস্টেবল মো. সোহেল এবং আসামি লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়। নুরুল ইসলাম ও লালনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।