‘ভোটের অধিকার না দিতে পারলে মানুষের যা কিছু আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে’

শরীয়তপুরে ইসলামী আন্দোলনের জেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। বৃহস্পতিবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি ২০২৪ সালের নির্বাচন ২০১৮ সালের মতো করতে চায়, তাহলে এ দেশের মানুষ আর ছাড়বে না। যদি তাঁরা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে দেশের জনগণ এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালুর মাঠে সংগঠনটির জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, আপনি নিজেই জানেন পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলেন। তারাও উন্নয়ন এ দেশে কম করে নাই। এ দেশে বহুত উন্নয়ন তারা করেছিল। তৎকালীন মুসলিম লীগ সরকার বারবার উন্নয়নের কথা বলেছিল। এই একই শব্দ উচ্চারণ করত, উন্নয়ন করেছি। কিন্তু তারা ভোটের মর্যাদা দিতে পারে নাই। এ জন্য এ দেশের মানুষের যা কিছু ছিল, তা নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল।’ তিনি বলেন, ‘আজকে যতই পদ্মা সেতুর কথা বলেন না কেন, রেলের কথা বলেন না কেন, যতই উন্নয়নের কথা বলেন, যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেন, ভোটের অধিকার দিতে আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষের যা কিছু আছে, তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।’

ফয়জুল করিম বলেন, ‘আপনি আওয়ামী লীগ করলে চাকরি আছে, টাকা আছে, পেটে ভাত আছে, নামীদামি গাড়ি আছে, সিঙ্গাপুরে চিকিৎসা আছে। কিন্তু আওয়ামী লীগ না করলে ধুঁকে ধুঁকে মরতে হবে। আওয়ামী লীগ করবেন আপনার সামাজিক মর্যাদা আছে, আওয়ামী লীগ করবেন না, আপনি যত বড়ই সম্মানিত ব্যক্তি হোন না কেন, রাস্তায় ফেলে পেটানো হবে। আওয়ামী লীগ করলে হাজারো গুম-খুন করে বুক উঁচু করে রাস্তায় ঘুরে বেড়াবেন, কিন্তু আওয়ামী লীগ না করলে জেলখানায় পচে মরবেন। তাহলে এ জন্যই কি আমরা এ দেশকে স্বাধীন করেছিলাম?’

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রয়াত চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করিমের ছেলে। তিনি গত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আবদুর রহমান প্রমুখ।