জাহাঙ্গীরনগরের শিক্ষকের সাক্ষাৎকার

দায়মুক্তির বাস্তবতা ছাত্রলীগকে অন্যায় কর্মকাণ্ডে উৎসাহিত করছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তুচ্ছ ঘটনায় ক্যাম্পাসে বাস, লেগুনা আটকে রাখার অভিযোগও আছে তাঁদের বিরুদ্ধে। এসব সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠছে। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইনের সঙ্গে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন
ছবি: প্রথম আলো
প্রশ্ন

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, শিক্ষার্থী নির্যাতন—এ রকম ঘটনায় প্রতিনিয়ত সংবাদমাধ্যমের নেতিবাচক শিরোনাম হচ্ছে ছাত্রলীগ। কেন তারা এমন কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে?

রায়হান রাইন: এসব অপরাধ বা অন্যায় কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণত কোনো অভিযোগ করা হয় না। আর লিখিত অভিযোগ না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এই দায়মুক্তির বাস্তবতা তাদের অন্যায় কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।

প্রশ্ন

এর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পদক্ষেপ যথার্থ বলে মনে করছেন?

রায়হান রাইন: যথাযথ পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, এমন নজির খুবই কম। কিছু গুরুতর ক্ষেত্রে অভিযোগ এলেও নামমাত্র তদন্ত করা হয়েছে এবং বেশির ভাগ ক্ষেত্রেই কোনো শাস্তি পেতে দেখা যায়নি।

প্রশ্ন

ছাত্রলীগের নেতা-কর্মীরা গেস্টরুম ও গণরুমে শিক্ষার্থী নির্যাতন, এমন কী মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। অভিযোগ থাকলেও এটি বন্ধ হয় না কেন?

রায়হান রাইন: গেস্টরুম-গণরুমের নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতা খুবই অপ্রতুল। অথচ পরিস্থিতি অত্যন্ত অমানবিক ও নির্মম। র‍্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীরা শুরু থেকেই ভয়ের মধ্যে থাকেন এবং সাধারণত কোনো অভিযোগ করেন না। অভিযোগ করলে তাঁদের বিপদ আরও বেড়ে যায়। কেউ যদি অভিযোগ করেনও তার তদন্ত ও শাস্তির ঘটনা খুবই কম। এ ছাড়া এই গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি যেহেতু নতুনদের ছাত্রলীগের মিছিলে ভেড়ানোর একটা সহজ উপায়, তাই এটাকে টিকিয়ে রাখা হচ্ছে।

প্রশ্ন

সিট বরাদ্দের ক্ষেত্রে ছায়া প্রশাসনের ভূমিকা পালন করে ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে না?

রায়হান রাইন: অবশ্যই নষ্ট হচ্ছে। যে কাজ হল প্রশাসনের, সেটা তো ছাত্রলীগের করার কথা নয়। তাহলে হল প্রশাসন আছে কেন? হলে আসন বরাদ্দ পাওয়ার জন্য প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের ছাত্রলীগের অনুগত থাকতে হয় এবং তাদের নির্দেশ মানতে হয়। সম্প্রতি আমরা এমন সংবাদ প্রকাশিত হতে দেখেছি যে গণরুমের এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গাড়িতে শান্তি সমাবেশে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশ্ন

ক্যাম্পাসের বাইরে পরিবহনে কোনো শিক্ষার্থী বিড়ম্বনার শিকার হলে পরে ওই পরিবহন ক্যাম্পাসে আটকে রাখেন শিক্ষার্থীরা। এটার যৌক্তিকতা কতটুকু?

রায়হান রাইন: এটা অযৌক্তিক। এর জন্য উপযুক্ত কর্তৃপক্ষ আছে। এসব দেখভাল করা ছাত্রলীগের কাজ নয়।

প্রশ্ন

বিশ্ববিদ্যালয়ে যাঁদের শিক্ষাজীবন সমাপ্ত হয়েছে, তাঁদের অনেকে এখনো অবৈধভাবে হলে অবস্থান করছেন। বিষয়টির সমাধান হচ্ছে না কেন?

রায়হান রাইন: হল থেকে অবৈধ শিক্ষার্থীদের বের করতে না পারার ব্যর্থতা পুরোপুরি হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি মনে করি, এই সমস্যা সমাধানের সামর্থ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে অবশ্যই, কিন্তু তাদের সদিচ্ছার অভাব আছে। না হলে দীর্ঘদিন ধরে এই সমস্যা টিকে থাকত না।

প্রশ্ন

ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ছাত্রসংসদ থাকতে পারে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নেই কেন?

রায়হান রাইন: এখানে ছাত্রসংসদ না থাকার কারণ এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেই। অধ্যাপক আনোয়ার হোসেন উপাচার্য থাকার সময় একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজটা তিনি শেষ করে উঠতে পারেননি।

প্রশ্ন

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ায় বাইরের একটি অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের ব্যবহার করে ক্যাম্পাসে আটকে রেখেছিলেন। এ ঘটনা আমাদের কী বার্তা দিচ্ছে?

রায়হান রাইন: সেই শিক্ষক আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। শিক্ষার্থীদের এভাবে ব্যবহার করা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও সাংস্কৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রশ্ন

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কী করণীয় বলে মনে করছেন?

রায়হান রাইন: প্রশাসনকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থার উন্নয়নের দিকে বেশি মনোযোগী হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা উপলব্ধি করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হলো শিক্ষা ও গবেষণা। এটা যাতে বজায় থাকে তার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের জন্য মুক্ত পরিমণ্ডল ও জবাবদিহিমূলক ব্যবস্থার জন্য সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে।