হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে গতকাল রোববার মধ্যরাতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে আগুন দেন স্থানীয় লোকজন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে গতকাল রোববার মধ্যরাতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে আগুন দেন স্থানীয় লোকজন

হবিগঞ্জে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, একজনের বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াহিদ মিয়া নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পুরানগাঁও গ্রামে বসবাস করে আসছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে। বিভিন্ন সময় চুরি ও ডাকাতির মাধ্যমে লুট হওয়া অটোরিকশা, গাড়িসহ নানা মালামাল তাঁর বাড়িতে এনে রাখা হতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা হয়। সভায় ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা হয়। গ্রামবাসীরা বলেন, তাঁর কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ সময় ক্ষোভ প্রকাশ করে অনেকে অভিযোগ করেন, একাধিকবার বিষয়টি নবীগঞ্জ থানাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সভা শেষ হওয়ার পর রাত ১২টার দিকে ক্ষুব্ধ একদম লোক ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরটি জ্বলতে থাকে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই বসতঘরটির ক্ষতি হয়ে যায়।

পুরানগাঁও গ্রামের বাসিন্দা সালামত মিয়া ও আরজু মিয়া বলেন, ওয়াহিদ মিয়া একাধিক ডাকাতি মামলার আসামি। পুলিশ বিষয়টি জানলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁদের দাবি, বিভিন্ন সময়ে পুলিশ তাঁকে সোর্স হিসেবে ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়েছে। এ ক্ষোভ থেকেই এলাকাবাসী বাড়িটিতে আগুন দেয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া প্রথম আলোকে বলেন, ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে। তবে পুলিশ তাঁকে সহযোগিতা করেছে, এ অভিযোগ সঠিক নয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।