
সামাজিক যোগাযোগমাধ্যম মিথ্যা প্রচারের শক্তিশালী আশ্রয়স্থান হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এলে মিথ্যার যন্ত্রের ঝনঝনানি বেড়ে যায়। এখন মিথ্যার যন্ত্র হচ্ছে ইউটিউব...। সোশ্যাল মিডিয়া এখন স্ট্রং মিথ্যার যন্ত্র। মিথ্যার আশ্রয়স্থান হয়ে গেছে। এখানে সত্য-মিথ্যা, টক-মিষ্টি, যা বলার যে যেখান থেকে পারছে, সেগুলো বলছে। কিন্তু বাস্তবতাটা কেউ বোঝে, কেউ বোঝে না বা বোঝার চেষ্টা কম করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে দেশে আমূল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, এই সময় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ প্রবৃদ্ধির হার বেড়েছে, যে পরিমাণ রিজার্ভ বেড়েছে, পঁচাত্তরের পরবর্তী সময়ের সঙ্গে তুলনা করলে আমূল পরিবর্তন এসেছে। রাত আর দিনের পার্থক্য হয়েছে।
আগামী পয়লা বৈশাখ থেকে ভূমিকর সম্পূর্ণভাবে অনলাইনে নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ভূমি নিয়ে খুনোখুনি, মামলা, মোকদ্দমা কী হয়নি। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আস্তে আস্তে সংস্কার করেছেন। ভূমিকর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতেন। মানুষ এখন অনলাইনে বসে ভূমিকর দিচ্ছেন। আগামী পহেলা বৈশাখ থেকে আর সনাতন পদ্ধতিতে (ম্যানুয়ালি) নেওয়া হবে না।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের লোকজন বসেছিল কখন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তারা দেশের ভালো চায় না। চায় না বলেই তারা এ কথাগুলো বলেছে। সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি। আমরা খারাপ সময় পার হয়ে চলে এসেছি। কিছুটা রক্ষণশীল ছিলাম আমরা। আগে ইচ্ছেমতো বিলাস পণ্য আমদানি হতো। বৈদেশিক মুদ্রা হারাতাম। সে জায়গা থেকে আমরা একটি শৃঙ্খলায় চলে এসেছি।’
আবাসন ব্যবসায়ীদের বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান ভূমিমন্ত্রী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকেও এই বিষয়ে সজাগ থাকতে বলেন।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সব সময় বাণিজ্যিক চিন্তা করলে হবে না। অবশ্যই আপনাদের আয় করতে হবে। দীর্ঘদিন আবাসন খাতে মন্দা ছিল। সে ধাক্কা সামাল দিয়ে আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছেন।’
প্লট ও ফ্ল্যাট নিয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো যাতে প্রতারণা করতে না পারে, সে জন্য রিহ্যাবের সদস্য ছাড়া কাউকে ট্রেড লাইসেন্স না দিতে সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, অনেক আবাসন প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে টাকা নিয়ে বছরের পর বছর ফ্ল্যাট বুঝিয়ে দেয় না। ফ্ল্যাটের জন্য রাস্তায় নামতে হয় মানুষকে। এসব বিষয়ে রিহ্যাবকে কঠোর হতে হবে। আর রিহ্যাবের পক্ষ থেকে প্রস্তাব পেলে রিহ্যাব সদস্য ছাড়া বাকিদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে বলেও জানান তিনি।
সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, নতুন মহাপরিকল্পনা মানে আগের মহাপরিকল্পনা বাদ দেওয়া নয়। আগের মহাপরিকল্পনাকে পর্যালোচনা করে নতুন পরিকল্পনা যুক্ত করা। সবার মতামতের ভিত্তিতেই মহাপরিকল্পনা করা হবে।
রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, চট্টগ্রামকে নিয়ে নতুন মহাপরিকল্পনা হচ্ছে। অতীতের মহাপরিকল্পনা নিয়ে নানা সমস্যা ছিল। এবার যেন তা না হয়। তিনি দ্বিতীয়বার ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে নিবন্ধন ফি ২ শতাংশ করার দাবি জানান। এ ছাড়া বিদেশে আবাসনের জন্য কেউ যাতে টাকা পাচার করতে না পারে, সে জন্য ফ্ল্যাট নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবিও জানান তিনি।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত আবাসন মেলায় এবার ৪৪টি প্রতিষ্ঠানের ৬১টি স্টল থাকবে। আজ শুরু হওয়া মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট রয়েছে। একবার প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা। মাল্টিপল টিকিটে চারবার প্রবেশ করা যাবে। এ টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।