ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের প্রচারণায় বিতর্কিত বক্তব্য, প্রতিপক্ষের সমর্থকদের হুমকির অভিযোগ এবং একজন প্রার্থীর পক্ষে সংসদ সদস্যের (এমপি) প্রকাশ্য সমর্থনের পর নারায়ণগঞ্জের আড়াইহাজারের ভোটের মাঠ বেশ উত্তপ্ত। এতে আড়াইহাজারের সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজারে ২১ মে নির্বাচন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই দুই পদে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।
চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন করছেন।
সম্প্রতি কয়েক দফায় আড়াইহাজার ঘুরে ভোটার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। সরেজমিনে আড়াইহাজারের কোথাও তেমন কোনো প্রচারণা দেখা যায়নি। অধিকাংশ এলাকায় কোনো প্রার্থীরই পোস্টার ছিল না। ফেস্টুন ও ব্যানার ছিল বিভিন্ন বাজার ও সড়কের পাশে। অন্তত চার দফায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কেবল মাহমুদপুর ইউনিয়নে শাহজালাল মিয়ার দোয়াত কলম প্রতীকের একটি প্রচার মাইক দেখা গেছে।
গত বৃহস্পতিবার আড়াইহাজারের গোপালদী বাজার এলাকায় কথা হয় স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও মো. রবিনের সঙ্গে। তাঁরা জানালেন, এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেবেন তাঁরা। ফলে ভোট দিতে কেন্দ্রে যাবেন। নির্বাচন ভাবনা জানতে চাইলে তাঁরা বলেন, চেয়ারম্যান প্রার্থী সবাই আওয়ামী লীগের। তার মধ্যে সংসদ সদস্য একজনের পক্ষ নিয়েছেন। ফলে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর মনে হচ্ছে না।
বিশনন্দী ফেরিঘাটে কথা হয় মৌসুমি ব্যবসায়ী আবদুল হালিমের সঙ্গে। প্রথম আলোকে এই ভোটার জানান, ভোটের দিন নির্বাচনের পরিবেশ কেমন থাকবে তার ওপর ভিত্তি করে কেন্দ্রে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে কেন্দ্রে গেলে আড়াইহাজারকে ডাকাত, ভূমিদস্যু ও মাদকমুক্ত করতে পারবেন এমন প্রার্থীকেই তিনি ভোট দেবেন।
আড়াইহাজার সদরের স্কুলশিক্ষিকা আফরোজা বেগম বলেন, নারী নির্যাতন এবং বাল্যবিবাহ আড়াইহাজারের বড় সমস্যা। তাঁর আশা ভোটে বিজয়ী প্রার্থী এসব সমস্যা সমাধানে উদ্যোগী হবেন।
সরেজমিনে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হিসেবে ভোটের মাঠে শাহজালালের প্রভাব রয়েছে। সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, একজন সাবেক রাষ্ট্রদূতসহ উপজেলা আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ নজরুল ইসলাম বাবু এরই মধ্যে সাইফুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করে তাঁর পক্ষে প্রকাশ্যে নির্বাচনের মাঠে নেমেছেন। সংসদ সদস্যের ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাইফুলের পক্ষে পুরোদমে প্রচার চালাচ্ছেন। সাইফুল সমর্থন পাচ্ছেন আড়াইহাজারের ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদের সব জনপ্রতিনিধির। ফলে কাগজে-কলমে তিনজন প্রার্থী থাকলেও ভোটের মূল লড়াই জমে উঠেছে শাহজালালের দোয়াত কলম ও সাইফুল ইসলামের ঘোড়া প্রতীকের মধ্যে।
বিএনপি ও তাঁদের সমমনা দলগুলোর বর্জনের এই ভোটে দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আওয়ামী লীগ এই কৌশল নিয়েছে বলে মনে করেন আড়াইহাজার আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে উপজেলা আওয়ামী লীগের একাংশের অভিযোগ সংসদ সদস্য নজরুল ইসলামের কারণে আড়াইহাজারে দলীয় কৌশল কাজে আসছে না।
উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন জ্যেষ্ঠ নেতা পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের চাওয়া ছিল তিনটি পদেই নিজের পছন্দের লোককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে নেওয়ার। তাঁর পরিকল্পনা অনুযায়ী ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে অন্য কেউ প্রার্থী হননি।
সংসদ সদস্য দলীয় ফোরামে সাইফুলকে চেয়ারম্যান পদে একক প্রার্থী করার প্রস্তাব দেন। সাইফুল নারায়ণগঞ্জের রাজনীতিতে বিতর্কিত নাম। মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য আলোচিত রুবেল মাহমুদ হত্যাকাণ্ডসহ কিছু হত্যাকাণ্ডকে ঘিরে গত এক দশকে বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রায় দুই হাজার দুই শ ভোটে তিনি পরাজিত হন। এমন একজন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার প্রশ্নে অনেকেই দলীয় ফোরামে আপত্তি তোলেন। ফলে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থেকে যান। কিন্তু কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য একটি সভায় সাইফুলকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
কেবল দলীয় সিদ্ধান্ত নয়, নজরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজালাল। ১২ মে জেলা প্রশাসকের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা এবং ১৩ ও ১৪ মে প্রধান নির্বাচন কমিশনার ইসি ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন শাহজালাল।
অভিযোগে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার বিষয়ে বলা হয়। পাশাপাশি নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সায়মা আফরোজার নিয়ন্ত্রণে থাকা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কাউকে নির্বাচন পরিচালনায় যুক্ত না করার আবেদন করা হয়।
শাহজালালের অভিযোগে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এখন তিনি জনসাধারণকে হুকুম দিচ্ছেন, তাঁর প্রার্থী সাইফুল ইসলামকে যেকোনো মূল্যে পাস করাতে হবে।
শাহজালাল বলেন, ‘আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে। হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছেন। সাইফুলও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধার সৃষ্টি হচ্ছে।’
দ্বিতীয় ধাপে ২১ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোট গ্রহণ হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। তিনি বলেন, ‘ভোট শতভাগ সুষ্ঠু হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কিছু করতে দেওয়া হবে না।’
সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার আশ্বাস দিচ্ছে। আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য আমাকে পছন্দ করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য ও হুইপ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আড়াইহাজারের সব জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা মিলে যৌথভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেই সিদ্ধান্তের পক্ষে। আমার নিজস্ব কোনো প্রার্থী নেই। আর হুমকি দেওয়ার অভিযোগগুলো বানোয়াট। সেই প্রার্থীর তো লোকই নেই। আমি কাকে হুমকি দেব?’