সিরাজগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

ত্রিবার্ষিক সম্মেলনের প্রায় এক বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। হত্যা মামলার আসামিও এই কমিটিতে স্থান পেয়েছেন। এ ছাড়া অরাজনৈতিক ব্যক্তিকেও কমিটিতে পদ দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতারা।

গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটি নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা, সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

কমিটির বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান প্রথম আলোকে বলেন, এ কমিটিতে বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিকে ঢোকানো হয়েছে, যাঁরা কখনো রাজনীতির মাঠে ছিলেন না। সামনের দিনগুলোতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যে ধরনের সংগঠন প্রয়োজন হবে, এই জেলা কমিটি দিয়ে তা কখনো সম্ভব নয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস মনে করেন, এই কমিটি ‘মন্দের ভালো’ হয়েছে। তিনি বলেন, ‘এই কমিটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে চাই, এটি একটি মন্দের ভালো জেলা কমিটি হয়েছে।’

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম বলেন, এই কমিটিতে আলোচিত, সমালোচিত কজনের স্থান হয়েছে। কিছু ব্যক্তিকে তাঁর যোগ্যতা অনুযায়ী অসংগতিপূর্ণ স্থানে যুক্ত করা হয়েছে। যেমনটি মোটেও কাম্য নয়।

কমিটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে একটি হত্যা মামলার আসামি শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক ওরফে মিরুর পদ পাওয়া নিয়ে। হালিমুল হক জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পেয়েছেন। তিনি সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি।

২০০৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, হালিমুল হকের ছোড়া গুলিতে শিমুল গুলিবিদ্ধ হন। হালিমুল হক ওই সময় শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন বাদী হয়ে হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারের পরপরই কেন্দ্র থেকে হালিমুল হককে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে মেয়র পদ থেকেও তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মামলার বিচারপ্রক্রিয়া ছয় বছর ধরে ঝুলে আছে। এর মধ্যে হালিমুল হক দলীয় কমিটিতে পদ পাওয়ায় সাংবাদিক শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহারসহ তাঁর স্বজন ও জেলার সাংবাদিকেরা উদ্বেগ জানিয়েছেন।

নুরুন্নাহার বলেন, ‘এমনিতেই আসামি মিরুসহ (হালিমুল হক) অন্য আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এর মধ্যে প্রধান আসামি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হয়েছেন। এতে প্রভাব আরও বাড়বে। এ কারণে আমরা চরম আশাহত হয়েছি।’

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু বলেন, শিমুল হত্যার পর দীর্ঘ ছয় বছরেও মামলার কার্যক্রম এগোচ্ছে না। এর মধ্যে মামলার প্রধান আসামিকে জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এতে বিচার পাওয়ার পথ আরও ক্ষীণ হলো।

জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রথম আলোকে বলেন, হালিমুল হককে আসামি করা হলেও তিনি তো এখনো দোষী সাব্যস্ত হননি। আর ছয় বছর আগে হালিমুলকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হলেও স্থায়ী বহিষ্কার করা হয়নি। দলের গঠনতন্ত্র অনুযায়ী, অভিযুক্ত হলে তিনি পদ পাবেন না, এমন কোনো বিধানও নেই। তাই কার্যনির্বাহী কমিটির খসড়া তালিকায় তাঁকে সদস্য করে কেন্দ্রে পাঠানো হয়। মামলাটির বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। মামলার বিচারে হালিমুল অভিযুক্ত প্রমাণিত হলে তখন তাঁকে বাদ দেওয়া হবে।

হালিমুল হক প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় আমাকে আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় এখনো তো আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি। মামলাটি বিচারাধীন। এ কারণে দলের গঠনতন্ত্র অনুযায়ী, আমি যেকোনো পদে অধিষ্ঠিত হতে পারব।’

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল বারীর মতে, যে জেলা কমিটি হয়েছে, তাঁর বাইরে খুব বেশি কমিটিতে আসার মতো তেমন নেতা দেখছেন না তিনি। তবে কিছুটা ভালো–মন্দ তো সবখানেই আছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আবদুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় এক বছর পর রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।