নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে

শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শিশুটির মা আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করায় আদালতকে তিনি ধন্যবাদ জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর প্রথম আলোকে বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। ওই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি নেত্রকোনার মদনে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। শিশুটি অসুস্থ হয়ে গেলে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে তাঁর মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটি পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।

এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তাঁর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়। ফরেনসিক পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তাঁর বড় ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রায় ঘোষণার পর শিশুটির মা প্রথম আলোকে বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি এই রায়ে সন্তুষ্ট। পাশাপাশি মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করায় আদালতকে তিনি ধন্যবাদ জানান।