ইলিয়াস নুরী
ইলিয়াস নুরী

ইসলামী ফ্রন্ট নেতাকে হুমকি

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’ চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের নেতাকে মুঠোফোনে কল করে এভাবে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির বিষয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।

হুমকি পাওয়া ওই নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি। রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইলিয়াস নুরী। তবে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়েছে। মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন। ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে। দেখেছেন তো, কত মানুষ আমরা মেরে ফেলছি। আপনাকেও গুলি করে মেরে ফেলব। কসম করে বললাম, মেরে ফেলব।’

জানতে চাইলে মাওলানা ইলিয়াস নুরী জানান, মুঠোফোনে যখন ওই ব্যক্তি কল দেন, তখন তিনি মসজিদে ছিলেন। হুমকিদাতা চাঁদা দাবি করলেও কত টাকা দিতে হবে, তা বলেননি। এমনকি নিজের পরিচয় না দিয়ে একজন সন্ত্রাসীর নামে চাঁদা চেয়েছেন। বিকাশের একটি নম্বরে তাঁকে চাঁদা দিতে বলেন।

ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

জানতে চাইলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’