ভোরে বের হলেন রিকশা নিয়ে, সকালে মিলল গাছে বাঁধা লাশ

হত্যা
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিয়ে চালককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। নিহত রিকশাচালক রাজীব ব্যাপারীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন তিনি।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, আজ ভোরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন রাজীব। সকালে স্থানীয় বাসিন্দারা আশুলিয়ার দোসাইদ এলাকায় সরকারি উচ্চবিদ্যালয়ের পেছনে নির্জন একটি স্থানে গাছের সঙ্গে তার দিয়ে বাঁধা অবস্থায় রাজীবের লাশ দেখতে পান। বিষয়টি রাজীবের পরিবারের সদস্যদের জানালে তাঁরা এসে লাশের পরিচয় নিশ্চিত করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় রিকশাটি পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে স্থানীয় মানুষের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা ইট পাওয়া গেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি গাছের সঙ্গে তার দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনিয়ে নিতে ইট দিয়ে আঘাত করে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।