কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সহকারী প্রক্টরকে হেনস্তার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরী ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক সহকারী প্রক্টরকে হেনস্তার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরী ওরফে হৃদয় ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়ার অনুসারী। তাঁদের মধ্যে সালমান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের ও এনায়েত লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। দুজনই ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে ওই দুজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডিকে কর্তব্য পালনে বাধা দেন, শিক্ষককে হেনস্তা করেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেন। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় প্রশাসনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আমিনুর বিশ্বাস বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। কয়েক মাস আগে তাঁকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও। গত ৩০ জানুয়ারি সন্ধ্যার পর আমিনুর আবার হলে উঠতে যান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে হলে উঠতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির লোকজন হলে উপস্থিত হন। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ঘটনাস্থলে গিয়ে হইচই শুরু করেন। তখন সহকারী প্রক্টর অমিত দত্ত তাঁদের শান্ত হওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে এনায়েত উল্লাহর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সহকারী প্রক্টরের দিকে তেড়ে যান এবং তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার ভিডিও ফুটেজেও ছাত্রলীগ নেতা-কর্মীদের তেড়ে যাওয়ার বিষয়টি দেখা গেছে।