সৈয়দ আহম্মদ কলেজ
সৈয়দ আহম্মদ কলেজ

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ, এসি ল্যান্ড প্রত্যাহার

বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রসচিবসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিভাগীয় কমিশনারের কার্যালয় তাৎক্ষণিক এসি ল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও সমান দায়ী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায়নি। নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র পাওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। পরীক্ষা শেষে তাঁরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনেন। পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে লিখিত প্রতিবেদন পাঠান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতা রয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় বগুড়ার জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। গাবতলীর ইউএনওর প্রতিবেদনও জেলা প্রশাসন থেকে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।