
কক্সবাজারের মহেশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ট্রলিং জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক জেলেকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মহেশখালীর জ্যাম ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের কক্সবাজার ও মহেশখালী স্টেশন এই অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জাল জব্দ করা হয়; যার দাম আনুমানিক ১২ লাখ টাকা।
জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল এবং আটক জেলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।