চারতলা থেকে নির্মাণসামগ্রী পড়ে নিচে খেলতে থাকা শিশুর মৃত্যু

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

নির্মাণাধীন ভবনের পাশে খেলাধুলা করছিল কয়েক শিশু। আচমকা চতুর্থ তলা থেকে তাদের ওপরে পড়ে কিছু নির্মাণসামগ্রী। এতে গুরুতর আহত হয় ফাতেমা খাতুন (৮) নামের এক শিশু। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। মাওনা উত্তরপাড়া গ্রামের নির্মাণাধীন ওই ভবন স্বপন কাজীর। ফাতেমা খাতুন ময়মনসিংহের সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তার মা–বাবা উত্তরপাড়া গ্রামের এক বাড়িতে ভাড়া থাকেন।

ফাতেমার স্বজনেরা বলেন, স্বপন কাজীর বহুতল ভবনের চতুর্থ তলায় কাজ হচ্ছিল। আজ অন্য শিশুদের সঙ্গে নির্মাণাধীন ভবনের পাশে খেলতে যায় ফাতেমা। বেলা ১১টার দিকে হঠাৎ ওপর থেকে কিছু নির্মাণসামগ্রী তাদের ওপর পড়ে। এর মধ্যে ইটের বড় বড় টুকরাও ছিল। তার মাথায় আঘাত লাগে। এতে ফাতেমা গুরুতর আহত হয়। দ্রুত তাকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্বপন কাজীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।