ফরিদপুরে বিচারপ্রার্থীরা এজলাসের বারান্দায় অপেক্ষা করলেও আইনজীবীরা না আসায় আদালতের কার্যক্রম শুরু হয়নি। আজ সকালে তোলা
ফরিদপুরে বিচারপ্রার্থীরা এজলাসের বারান্দায় অপেক্ষা করলেও আইনজীবীরা না আসায় আদালতের কার্যক্রম শুরু হয়নি। আজ সকালে তোলা

ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে আইনজীবীদের এজলাস বর্জন

ফরিদপুরে অসদাচরণের অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সেলিম রেজার এজলাস বর্জন করেছেন জেলার আইনজীবীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে তাঁরা এজলাস বর্জন কর্মসূচি শুরু করেন।

এ কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষা করলেও আইনজীবীরা না আসায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি।

আইনজীবীদের অভিযোগ, সিজেএম সেলিম রেজা আদালতে আইনজীবী ও মক্কেলদের সঙ্গে রূঢ় ও অশোভন আচরণ করে আসছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এজলাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সিজেএম সেলিম রেজার বিরুদ্ধে অন্তত ১৪ জন আইনজীবী অসদাচরণের অভিযোগ এনেছেন। আইনজীবীরা সম্মিলিতভাবে জানান, ফরিদপুরে যোগদানের পর সেলিম রেজা প্রচলিত নিয়ম ভেঙে আইনজীবীদের সঙ্গে কোনো মতবিনিময় সভা করেননি।

কয়েকজন আইনজীবী বলেন, মামলার তারিখে আদালতে হাজির আসামিদের সঙ্গে আইনজীবীরা আগে স্বেচ্ছায় কথা বলার সুযোগ পেতেন। তবে সেলিম রেজা দায়িত্ব গ্রহণের পর অনুমতি ছাড়া আসামির সঙ্গে কথা বলা যাবে না, এমন অলিখিত নির্দেশনা জারি করেন। পাশাপাশি কারাগারে আটক আসামিদের ওকালতনামা পাঠানোর ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। আগে যেখানে আইনজীবীদের সহকারীরা (মুহুরি) ওকালতনামা পাঠাতে পারতেন, সেখানে এখন সংশ্লিষ্ট আইনজীবীকে সিজেএমের কাছে আবেদন করে অনুমতি নিতে হচ্ছে।

ক্ষুব্ধ আইনজীবীরা আরও বলেন, সিজেএম সেলিম রেজা এজলাসে বসে আইনজীবীদের তুচ্ছতাচ্ছিল্য ও ভর্ৎসনা করেন। এমনকি আইনজীবীদের সনদ বাতিলের হুমকিও দেন। গতকালের সভা থেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সিজেএম সেলিম রেজার এজলাস না করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, ‘সিজেএম কোর্ট দ্বারা বারবার নাজেহাল উপেক্ষা এবং তার নানাবিধ নতুন নতুন সিদ্ধান্তে আইনজীবীরা ক্ষুব্ধ। এর পরিপ্রেক্ষিতে আজ আইনজীবী তাঁর এজলাস বর্জন করেছি।’