নাটোরে ট্রাকের চাপায় আহত আরও দুজনের মৃত্যু

ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি। আজ সকালে সিংড়ার জোলারবাতা এলাকায়
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের চাপায় ভ্যানগাড়ির চালক আবদুর রহিম (৪৭) ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হয়েছিলেন অপর চারজন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।

হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া দুজন হলেন সিংড়া উপজেলার কলম পুণ্ডরী গ্রামের বিদ্যুৎ আলী (৩২) ও নজরপুর গ্রামের কাঁচু আলী (৫০)। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যান নিয়ে সিংড়ার চৌগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় জোলারবাতা এলাকায় ভ্যানগাড়ির একটি চাকা ভেঙে মহাসড়কের ওপরে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে ওপর দিয়ে চলে যায়। এতে অটোভ্যানের চালক আবদুর রহিম ঘটনাস্থলে মারা যান এবং চার যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহত বিদ্যুৎ আলী ও কাঁচু আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শিবলী নোমানী বলেন, আহত অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।