
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমরা আমাদের রাষ্ট্রকে ব্যর্থ হতে দিতে পারি না। একমাত্র পথ হচ্ছে, আমরা যে যেখানে আছি, নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একাত্তরের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। আমাদের দেশকে গতিশীল করতে হবে। জুডিশিয়ারিকে গতিশীল করতে হবে।’
আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘জুডিশিয়ারি রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি। এই একটি অঙ্গ যদি দুর্বল হয়, তাহলে সে রাষ্ট্র কার্যকর থাকে না। জুডিশিয়ারি যদি ভারসাম্য না রাখতে পারে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে মুক্তির সংগ্রাম করেছিলাম, তা পূরণ হবে না।’
বার ও বেঞ্চের সম্পর্ক নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘পাখির দুটি যেমন পাখা থাকে, তেমনি বার একটা পাখা, বেঞ্চ একটা পাখা। বার-বেঞ্চের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। সবচেয়ে ভালো আইনজীবী তিনি, যিনি সবচেয়ে বিনয়ী। আমি আইনজীবী থেকে বিচারপতি হয়েছি। আমার পেশাগত জীবনে এসব মেনে চলেছি।’
বিচারপ্রার্থীদের বাস্তব অবস্থা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘ক্লায়েন্টরা অনেক সময় পয়সা নিয়ে আসতে পারেন না, মুরগি নিয়ে আসেন, মুরগির ডিম নিয়ে আসেন, গাছের লাউ কেটে নিয়ে আসেন। এ রকম ক্লায়েন্টের সংখ্যাই বেশি। তাঁদের কথা ভেবে আন্তরিক হতে হবে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আবু জাফর সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের মার্চের প্রথম দিন থেকে প্রতিটা দিনই ছিল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার। বৃহত্তর কুষ্টিয়া জেলা থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে। কুষ্টিয়ার সন্তান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁর নেতৃত্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদাহরণ রেখে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম বলেন, ‘আমরা জানি, মানুষের শেষ আশ্রয়স্থল হলো আদালত। আদালতের গতিশীলতা যত বৃদ্ধি পাবে, আদালতের সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবীসহ বিভিন্ন ব্যক্তি ততই প্রশংসিত হবেন। আদালতের প্রতি মানুষের আস্থা অটুট রাখা এবং সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা করা অন্যতম শর্ত হচ্ছে বার-বেঞ্চের সম্পর্ক। আইনজীবী এবং আদালত কেউ কারও প্রতিপক্ষ নয়। বিচারব্যবস্থার অপরিহার্য অংশ আইনজীবী।
আইনজীবীরা যাতে মর্যাদার সঙ্গে বিচারকার্য পরিচালনা করতে পারেন, সে বিষয়ে আদালতকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বারকেও এটা নিশ্চিত করতে হবে।’
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান প্রমুখ।
মতবিনিময় সভার আগে প্রধান বিচারপতি চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন স্থাপনা ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।