শেরপুরে সেনাসদস্যের স্ত্রী খুন

দুই বছরেও উদ্‌ঘাটিত হয়নি হত্যার রহস্য

২০২০ সালের ৮ অক্টোবর সদর থানার পুলিশ শহরের মোল্লাপাড়া এলাকার বাসার সীমানাপ্রাচীর–সংলগ্ন স্থান থেকে গৃহবধূ সুরভীর লাশ উদ্ধার করে।

সুরভী
সুরভী

শেরপুরে দুই বছরেও সেনাসদস্য মো. নাজিমউদ্দিনের স্ত্রী সুরভীর (৩০) হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। এতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা বিরাজ করছে।

সুরভী পৌর শহরের মোল্লাপাড়া এলাকার নাজিমউদ্দিনের স্ত্রী ও সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়া গ্রামের মো. শফিউল্লাহর মেয়ে। নাজিমউদ্দিন ময়মনসিংহ সেনানিবাসে করপোরাল হিসেবে কর্মরত রয়েছেন।

২০২০ সালের ৮ অক্টোবর সদর থানার পুলিশ শহরের মোল্লাপাড়া এলাকার বাসার সীমানাপ্রাচীর-সংলগ্ন স্থান থেকে গৃহবধূ সুরভীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় সুরভীর বাবা শফিউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পিবিআই বিভিন্ন সময়ে নিহত সুরভীর এক ভাশুরসহ (স্বামীর বড় ভাই) তিনজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা আদালত থেকে জামিনে মুক্ত আছেন।

পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় নাজিমউদ্দিন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সদস্য হিসেবে আফ্রিকার সুদানে ছিলেন। স্বামী বিদেশে থাকায় সুরভী তাঁর দুই শিশুকন্যা নাফিয়া ও আলোকে নিয়ে মোল্লাপাড়া এলাকার নিজ বাসায় থাকতেন। ২০২০ সালের ৭ অক্টোবর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সুরভীর বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। এ সময় দুই মেয়েকে ঘুম পাড়িয়ে সুরভী ঘর থেকে বের হয়ে প্রতিবেশী সেলিম মাস্টারকে তাঁর বাসায় বিদ্যুৎ না থাকার বিষয়টি জানান। এর পর থেকে সুরভীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ৮ অক্টোবর সকালে সুরভীর বড় মেয়ে নাফিয়া ঘুম থেকে ওঠে তার মাকে বাসার সীমানাপ্রাচীর-সংলগ্ন স্থানে পড়ে থাকতে দেখে। এ সময় তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সদর থানার পুলিশ সুরভীর গলাকাটা লাশ উদ্ধার করে।

সুরভীর বাবা শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা তাঁর নিষ্পাপ মেয়েকে নৃশংসভাবে হত্যা করে দুটি শিশুসন্তানকে মাতৃহারা করেছে। মায়ের কথা বলে প্রায় সময় সুরভীর মেয়ে নাফিয়া ও আলো কান্নাকাটি করে। কিন্তু হত্যাকাণ্ডের দুই বছর পরও এর রহস্য উদ্‌ঘাটিত না হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেয়ে সুরভীর হত্যার রহস্য উদ্‌ঘাটনসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নাজিমউদ্দিন বলেন, তিনি বিদেশে থাকাকালে তাঁর স্ত্রীকে খুন করা হয়। কিন্তু কেন ও কী কারণে তাঁকে (সুরভী) হত্যা করা হলো, তা এখন পর্যন্ত জানতে পারেননি। মামলার তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন। তাঁরা আশ্বাসও দিয়েছেন। তাই স্ত্রী সুরভীর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্তপূর্বক বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানান তিনি।

এ ব্যাপারে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলাটি তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। সুরভীর স্বামী বিদেশে থাকাকালে তাঁকে কেউ উত্ত্যক্ত করত কি না বা প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি না—সে বিষয়গুলো ধরে মামলার তদন্ত কাজ চলছে। আশা করা যায়, দ্রুতই হত্যারহস্য উদ্‌ঘাটন করতে তাঁরা সক্ষম হবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ অক্টোবর প্রথম আলোয় ‘সেনাসদস্যের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।