
যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় লক্ষ্মীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গণি, আক্তার হোসেন, মো. শিপন ও মো. পারভেজ।
নিহত মো. আলাউদ্দিন পাটওয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর রাতে তাঁকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আলাউদ্দিন হত্যার মামলায় ফরিদসহ পাঁচ আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। নির্দিষ্ট সময় শেষে আজ তাঁরা লক্ষ্মীপুর জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় আরও তিন আসামি আগে থেকেই কারাগারে।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ফরিদ, গণিসহ কেউই হত্যার সঙ্গে জড়িত নন। আওয়ামী লীগের দলীয় কোন্দলের জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়। হয়রানির জন্য বিএনপি ও যুবদলের নেতাদের এ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।