জমি বিক্রিতে নিষেধাজ্ঞা

বিপাকে ৫ গ্রামের মানুষ

২০১৬ সালের প্রথম দিকে ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ কার্যালয় ও আধুনিক শহর নির্মাণের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের চর এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুই বছরের বেশি সময় আন্দোলন করেন ওই এলাকার পাঁচ গ্রামের বাসিন্দারা। এরপর ২০১৯ সালের নভেম্বরে সরকার কেবল ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু পাঁচটি গ্রামে জমি বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা এখন পর্যন্ত তুলে নেওয়া হয়নি। এ কারণে বিভিন্ন আর্থিক প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন ওই সব গ্রামের মানুষ।

সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর এলাকার জয়বাংলা বাজারে চর গোবিন্দাপুর, চর ভবনীপুর ও দুর্গাপুর গ্রামের অন্তত দশ বাসিন্দার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা বলেন, চর ভবানীপুর গ্রামের আবদুস সালাম তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসকেরা তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিলেন। আবদুস সালামের পরিবারে নগদ টাকা না থাকলেও জমি ছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে দ্রুত সময়ে ওই জমি বিক্রি করতে পারেননি। একই ভাবে চর ভবানীপুর গ্রামের জমসেদ আলী, জালাল মেম্বার, সাজিদুর ইসলাম এবং চর গোবিন্দপুর গ্রামের আবদুল মোতালেবের মৃত্যুও আক্ষেপ হয়ে রয়েছে।

তিন বছর আগে ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত বাকি জমির ওপর থেকে বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না।
সৈয়দ মোশাররফ হোসেন, আহ্বায়ক, বসতভিটা রক্ষা কমিটি

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস এ এম রফিকুন্নবী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে চর এলাকার ওই গ্রামগুলোতে জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। জমি অধিগ্রহণপ্রক্রিয়া এখন শেষের দিকে। চলতি মাস থেকে অধিগ্রহণ এলাকায় নোটিশ দেওয়া হচ্ছে। অধিগ্রহণের কাজ শেষে জমি বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

২০১৫ সালের অক্টোবর ময়মনসিংহ বিভাগ হয়। এর কয়েক মাস পর বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন স্থাপনা নির্মাণের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের ওপারে পাঁচটি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। গ্রামগুলো হলো—পাড়ালক্ষ্মীর আলগী, চর জেলখানা, চর গোবিন্দপুর, চর ভবানীপুর ও চর ঈশ্বরদিয়া। ওই সময় পাঁচটি গ্রামে জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ওই জমির মধ্যে অসংখ্য মানুষের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান থাকায় এর প্রতিবাদে গ্রামগুলোর বাসিন্দারা বসতবাড়ি রক্ষা কমিটি গঠন করে আন্দোলনে নামে। লাগাতার আন্দোলনের মুখে ২০১৯ সালের নভেম্বর মাসে ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে প্রশাসন। এরপর ওই পাঁচটি গ্রাম থেকে নতুন করে ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। এতে গ্রামবাসীর আপত্তি না থাকায় আন্দোলন স্থগিত করেন তাঁরা।

চর গোবিন্দপুর, চর ভবানীপুর ও চর ঈশ্বরদিয়া গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, উচ্চশিক্ষা, বিয়ে, কৃষি, ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে জমি বিক্রি করতে হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। এমনকি জমি বিক্রি বন্ধ থাকায় তাঁরা ব্যাংক থেকে ঋণও পাচ্ছেন না।

চর ভবানীপুর গ্রামের বাসিন্দা আবুল মুনসুর বলেন, ‘ছয় বছর আগে যেদিন সরকার পাঁচটি গ্রামে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়, সেদিন থেকে আমাদের জীবনে সংকটের শুরু।’ জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে পাঁচটি গ্রামের কারও মনে শান্তি নেই বলে মনে করেন চর ভবানীপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী। তিনি বলেন, ছয় বছর ধরে জমি বিক্রি বন্ধ। এ সময়ের সব এলাকায় জমির দাম বেড়েছে। শোনা যাচ্ছে, সরকার ছয় বছর আগের দাম ধরেই অধিগ্রহককৃত জমির মূল্য নির্ধারণ করবে।

বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘প্রায় তিন বছর আগে ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত বাকি জমির ওপর থেকে বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না। মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের কাছে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) কার্যালয় সূত্রে জানা যায়, ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ১৪২ দশমিক ৬৪৫ একর খাসজমি। বাকিটা ব্যক্তিমালিকানাধীন। ৯২০ একর জমিতে অন্তত ৩৫টি সরকারি দপ্তর, সরকারি হাসপাতাল, নভোথিয়েটার, বিভাগীয় সার্কিট হাউসসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের ফলে ৩৪২টি পরিবার বসতবাড়ি হারাবে। বাকি ২৫ একর জমিতে তাঁদের পুনর্বাসন করা হবে। জমি অধিগ্রহণ প্রকল্পের ব্যয় হবে ১ হাজার ২২৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা।