
মায়ের সঙ্গে ভ্যানে চড়ে জিসান (৪) বাবার জন্য জন্য খাবার নিয়ে যাচ্ছিল। পথে একটি ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে সে। ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় শিশু জিসান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুরের মহিপুর দুগ্ধ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে। ওই ঘটনায় জিসানের মা পারভিন আক্তার ও ভ্যানের চালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, পারভিন আক্তার ছেলেকে নিয়ে উপজেলার মহিপুর বাজার এলাকায় একটি ধানের চাতালে যাচ্ছিলেন স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে। ঢাকা-বগুড়া সড়কের গাড়িদহ ইউনিয়নের মহিপুর দুগ্ধ খামার এলাকায় সিরাজগঞ্জগামী একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে শিশু জিসান ছিটকে পড়ে সড়কের ওপর। এরপর ট্রাকটি চাপা দেয় শিশুটিকে। ঘটনাস্থলে জিসান মারা যায়। ওই ঘটনায় জিসানের মা পারভিন আক্তার ও ভ্যানের চালক ওমর ফারুক আহত হন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার পর মহিপুর বাজারে পাশে ট্রাক ফেলে পালিয়েছেন চালক। ট্রাকটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।