
ফেনীতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ও গতকাল বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। আজ সকালের ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে গতকাল নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. শাহপরান (৩৫), নোয়াখালীর হাতিয়া উপজেলার রেহানিয়া এলাকার ফারুক উদ্দিন (২৩) ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফল ব্যবসায়ী জাফর আহমদ (৩৪)।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সামনের ইউটার্ন দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক ও ফল ব্যবসায়ী জাফর আহমদ গুরুতর আহত হন। ফেনী সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পর জাফর আহমদকে মৃত ঘোষণা করা হয়। অটোরিকশাচালক বর্তমানে চিকিৎসাধীন।
অপর দিকে গতকাল রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া এলাকায় পেছনের চাকা ফেটে দ্রুতগামী একটি মোটরসাইকেল চালকসহ সড়কের ওপর উল্টে যায়। এতে চালক মো. শাহপরান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মোড় এলাকায় একটি দ্রুতগামী লরি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ফারুক উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, গতকাল নিহত দুজনের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। আজ সকালে নিহত জাফর আহমদের লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।