
স্বামীর খোঁজে প্রথম দফায় এসে নিরাশ হয়ে ফেরা ভারতীয় তরুণী রিয়া বালা (৩২) আবারও পঞ্চগড়ে এসেছেন। প্রথমবার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘরে না তুললেও এবার তাঁরা নববধূকে বরণ করে নিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের মাধ্যমে রিয়া বাংলাদেশে আসেন। এ সময় তাঁর পরনে ছিল লাল বেনারসি শাড়ি। পরে সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে লিখিত অঙ্গীকার করে তাঁকে গ্রহণ করেন শ্বশুরবাড়ির লোকজন। রাতেই তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডী গ্রামে শ্বশুরবাড়িতে আনা হয় ওই তরুণীকে।
রিয়ার স্বামী বিটু রায় (২৪) ওই গ্রামের কৃষক অখিল চন্দ্র রায়ের ছেলে। বিটু উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। রিয়া বালা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার বাসিন্দা। তাঁর বাবা শ্যামল কান্তি বালা ভারতীয় রেলওয়েতে চাকরি করেন। রিয়া স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রিয়া বালা ও বিটু রায় পঞ্চগড় আদালতে আইনজীবীর মাধ্যমে আবারও বিয়ের অ্যাফিডেভিট করেছেন। ভারতীয় বধূ ঘরে তোলা হয়েছে খবর পেয়ে রিয়াকে দেখতে আজ দিনভর বিটু রায়ের বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।
এর আগে গত ২৯ নভেম্বর বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে তেঁতুলিয়ায় বিটু রায়ের বাড়িতে আসেন রিয়া। সঙ্গে বিয়ের প্রমাণ হিসেবে নিয়ে আসেন পঞ্চায়েত প্রধানের প্রত্যয়নপত্র ও কিছু ছবি। তাঁর আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়ে যান বিটু। এর মধ্যে স্বামীর পরিবারের লোকজন রিয়াকে মেনেও নিচ্ছিলেন না। ১ ডিসেম্বর স্বামীর বাড়িতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বিকে ফোন করে সহযোগিতা চান ওই তরুণী। পরে ইউএনও স্থানীয় নারী ইউপি সদস্যদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া থানার নারী ও শিশু সেলে রাখার ব্যবস্থা করেন। এ সময় বিটুর বাবা অখিল চন্দ্রও রায়কেও ডেকে আনা হয়। তিনি ছেলে ফিরে এলে তাঁকে নিয়ে ভারতে গিয়ে বিষয়টির সমাধানের আশ্বাস দেন। ২ ডিসেম্বর দুপুরে ইউএনও ফজলে রাব্বি ওই তরুণীকে বাংলাবান্ধা শূন্যরেখায় নিয়ে তাঁর স্বজনদের হাতে তুলে দেন।
ওই সময় উপজেলা প্রশাসনকে রিয়া বালা জানান, গত ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় বিটু রায়ের পিসির (ফুফু) বাড়িতে তাঁকে বিয়ে করেন বিটু। বিয়ের পর তাঁরা সেখানে প্রায় এক মাস বাড়ি ভাড়া নিয়ে থাকেন। দেশে ফিরে রিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন বিটু। বাধ্য হয়ে তিনি স্বামীর খোঁজে বাংলাদেশে আসেন।
যেটার জন্য এসেছিলাম, সেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে; স্বামীর বাসায় আসা আর এখানে গ্রহণ করা। এখানে আসার পর স্বামীর সঙ্গে আবারও বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িতে এসেছি সংসার করব। ইন্ডিয়ায় যেহেতু মা–বাবা আছেন মাঝেমধ্যে সেখানেও যাব।রিয়া বালা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা
হাল না ছাড়া ওই তরুণী শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে গতকাল আবারও ভারত থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গ্রহণ করতে রাজি হলে পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় তাঁকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ভারতীয় তরুণী রিয়া বালা ও বাংলাদেশি তরুণ বিটু রায়ের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ভারতে গিয়ে ওই তরুণীকে বিয়ে করেন বিটু। বেশ কিছুদিন সংসার করে স্ত্রীকে রেখে বাংলাদেশে ফিরে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। উপায়ান্তর না পেয়ে স্বামীর খোঁজে বাংলাদেশে এসে একবার ব্যর্থ হয়ে ফেরেন ওই তরুণী। দ্বিতীয় দফায় বাংলাদেশে এসে স্বামীর দেখা পেয়ে এখন খুশি তিনি।
রিয়া বালা আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ‘একটাই বলব যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি। যেটার জন্য এসেছিলাম, সেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে; স্বামীর বাসায় আসা আর এখানে গ্রহণ করা। এখানে আসার পর স্বামীর সঙ্গে আবারও বিয়ে হয়েছে। এখানে আমি স্বেচ্ছায় এসেছি এবং আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে গ্রহণ করেছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। সবাইকে পেয়ে খুব ভালোই লাগছে। শ্বশুরবাড়িতে এসেছি সংসার করব। ইন্ডিয়ায় যেহেতু মা–বাবা আছেন মাঝেমধ্যে সেখানেও যাব।’
বিটু রায় বলেন, ‘ফেসবুকে পরিচয়ের মাধ্যমে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়। এখন রিয়া আমাদের বাড়িতে এসেছে। বৃহস্পতিবার আমরা বিয়েও করেছি। আমার মা–বাবা তাকে বউ হিসেবে মেনে নিয়েছেন।’
বিটু রায়ের বাবা অখিল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘বিটু ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত। গত দুর্গাপূজার আগে ভারতে গিয়ে কিছুদিন ছিল। তবে বাড়িতে এসে বিয়ের ব্যাপারে কিছুই বলেনি। এমনকি আমার বোন সেখানে আছে, সে-ও এই বিয়ের বিষয়ে কোনো কিছু বলেনি। প্রথমবার মেয়েটা স্বামীর দাবি নিয়ে এসেছিল, তখন বিষয়টা বুঝে উঠতে পারিনি। আবারও সেই মেয়ে আমার ছেলের কাছে স্বামীর দাবি নিয়ে এসেছে। এবার আমরা তাকে গ্রহণ করেছি।’
তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় ওই তরুণী বৃহস্পতিবার আবারও বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনে এসেছেন—এমন খবর পেয়ে পুলিশসহ আমরা সেখানে যাই। এরই মধ্যে ওই তরুণীর স্বামী বিটু রায়ের পরিবারের সদস্যরাও সেখানে যান। ওই তরুণী প্রাপ্তবয়স্ক। তারপরও তাঁর নিরাপত্তার কথা ভেবে তাঁর স্বামীর পরিবারের লোকজনের কাছে লিখিত অঙ্গীকার নিয়ে তাঁকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এবার ওই তরুণী এক বছরের ভিসা নিয়ে এসেছেন।’
পঞ্চগড় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান বলেন, ‘ওই তরুণী প্রাপ্তবয়স্ক এবং তিনি এক বছরের বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশি তরুণকে বিয়ে করেছেন বলে জেনেছি। তবে তাঁর ভিসার মেয়াদ পর্যন্ত বাংলাদেশে থাকার অধিকার আছে। ভিসার মেয়াদ শেষ হলে তিনি কী করবেন, সে বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।’