চট্টগ্রামের নন্দনকান এলাকার ডিসি হিল সংলগ্ন সড়কে আজ সকালে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা
চট্টগ্রামের নন্দনকান এলাকার ডিসি হিল সংলগ্ন সড়কে আজ সকালে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অংশ নেন ২০ থেকে ৩০ জন

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা রাস্তায় মিছিল করেছে। আজ বুধবার সকালে নগরের ডিসি হিল এলাকায় এই মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তাঁর ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরের ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তাঁরা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। মিছিল কিছু দূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই–বাছাই করছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।