ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকামুখী লেনে একটি রডবাহী লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছেন লরিটির সুপারভাইজার। গতকাল বুধবার রাত ১১টার দিকে করা এ মামলায় ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ২০০ জনকে আসামি করা হয়।
পুড়িয়ে দেওয়া লরিটি ছিল সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসায়ী প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স (ডিএবি) পরিচালিত। এই ঘটনায় লরিচালক সামান্য দগ্ধ হন।
সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, লরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২২৪ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এখনো গ্রেপ্তার অভিযান অব্যাহত। গতকাল রাতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে কতজন প্রকৃত আসামি, তা মামলার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যাচাই-বাছাই শেষ হলে প্রকৃত গ্রেপ্তার কতজন, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা থেকে চট্টগ্রাম নগরের সিটিগেট পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের কোথাও অবরোধকারী ব্যক্তিদের দেখা যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, রাতে ছিনতাইয়ের কবলে পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ছাড়া সকাল পর্যন্ত আর কোনো ধরনের দুর্ঘটনা কিংবা নাশকতার খবর তাঁদের কাছে নেই।