পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন ও নাজিরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শান্ত ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে উপজেলার চাঁদকাঠী বাজারে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি নিয়ে আজ দুপুরে দুই পক্ষকে ডাকেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম। উপজেলা সদর বাজারে ব্যক্তিগত কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে বসে তিনি বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলেন। এরপর বেলা দুইটার দিকে সেখান থেকে বের হয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন নাজিরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শান্ত ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ফয়জুল্লাহ, ছাত্রলীগ কর্মী মাহীনুর মল্লিক, নাজমুল মল্লিক, শুভ্র মল্লিক এবং প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিনের অনুসারী নিমাই বড়াল (২০), অভিজিৎ বড়াল (২৩), শুভ মণ্ডল (২২), মো. নাঈম (২২), রনি মল্লিক (২২), মেহেদী হাসান (২০) ও মো. মিরাজ (১৮)। এ ছাড়া স্থানীয় বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান শেখ (৫০) আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
নাজিরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শান্ত ইসলাম বলেন, সোমবার রাতের চাঁদকাঠী বাজারে ছাত্রলীগের কিছু কর্মী মারামারি করেছিলেন। তিনি সেখানে গিয়ে মারামারি বন্ধ করে দেন। আজ দুপুরে এ ঘটনা নিয়ে নেতারা বসে বিষয়টি মীমাংসার করে দেওয়ার কথা বলেন। এরপর বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা করা হয়। হামলায় জড়িত ব্যক্তিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমিন বলেন, ‘ওই হামলার সঙ্গে আমি জড়িত নই। শান্ত ইসলামের নেতৃত্বে সোমবার রাতে চাঁদকাঠী বাজারে ছাত্রলীগের কিছু কর্মীর ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার জের ধরে হামলার শিকার ব্যক্তিরা শান্ত ইসলামের ওপর হামলা করেন।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।