টঙ্গীর ইজতেমায় মুসল্লিদের পকেট থেকে হাতানো ৪৯টি মুঠোফোন বগুড়ায় উদ্ধার

বিশ্ব ইজতেমার মুসল্লিদের কাছ থেকে চুরি করা ৪৯টি মুঠোফোনসহ আটক সোহাগ হোসেন। আজ সোমবার বগুড়ার শাজাহানপুর থানায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের কাছ থেকে চুরি করা ৪৯টি মুঠোফোন বগুড়ার শাজাহানপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে এই ফোনগুলো উদ্ধার করে। সেই সঙ্গে ফোনগুলো হাতিয়ে নেওয়া এক তরুণকে আটক করেছে পুলিশ।

আটক তরুণের নাম সোহাগ হোসেন (২৪)। তিনি বগুড়া শহরের চেলোপাড়া পকেটমারপট্টির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের পকেট থেকে কৌশলে ৪৯টি মুঠোফোন হাতিয়ে শাজাহানপুরে এসে আত্মগোপন করেন সোহাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে আটক করে এবং তাঁর জিম্মা থেকে ৪৯টি মুঠোফোন জব্দ করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, আটক তরুণের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।