
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের গণফোরামের প্রার্থী সেলিম আকবর ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন জানিয়েছেন। গতকাল সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় গণফোরাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম আকবর বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষাসহ বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ও আমার দলের নেতা–কর্মী ও সমর্থকেরা তাঁর হয়ে নির্বাচন করব।’ এ সময় তিনি গণফোরামের সব নেতা–কর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভায় সেলিম আকবর ও তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব।’
এর আগে গত ২৯ জানুয়ারি চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে শেখ ফরিদ আহমেদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ আসনের অন্য প্রার্থীরা হলেন, জামায়াতের শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবদিন শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এএইচএম আহসান উল্লাহ।