
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামে মজনু মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও চালকের সহকারী নিহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।