বাংলাদেশ ও ভারতকে ঐক্যবদ্ধ করেছে রামকৃষ্ণ মিশন: ভারতীয় হাইকমিশনার

রামকৃষ্ণের ১৮৮তম জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূতি উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর রামকৃষ্ণ মিশনে
ছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, রামকৃষ্ণ মিশন ভারত ও বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসাসেবাসহ নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে। শুধু তা–ই নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশ–ভারতের মধ্যে কাজ করছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরে রামকৃষ্ণের ১৮৮তম শুভ জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আশ্রমের বিবেকানন্দ মেমোরিয়াল হল ও মন্দির পরিদর্শন করেন। ২১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

‘ভালোবাসার অপর নাম রামকৃষ্ণ মিশন’ মন্তব্য করে প্রণয় ভার্মা বলেন, রামকৃষ্ণের কাছে কোনো বিশেষ ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর প্রাধান্য ছিল না। সব জীব তাঁর কাছে সমান ছিল। রামকৃষ্ণ আশ্রম ও মিশন রামকৃষ্ণের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। সন্ন্যাসীদের আবাসস্থল, অসহায়দের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছে। প্রতিষ্ঠানটি ভারত-বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি যত দিন থাকবে, লক্ষ্যে অবিচল থাকবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় অন্যান্যের মধ্যে হাইকমিশনারের স্ত্রী মনু ভার্মা, উপহাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। রাতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।