
বগুড়ায় সাড়ে ৭ টাকা খুচরা দামের একটি ইনজেকশন ৫০ টাকা বিক্রির অপরাধে একটি ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বগুড়া শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিশাত ফার্মেসির মালিক মোহাম্মদ মোজাম্মেল হককে এ জরিমানা করা হয়। এ সময় জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল আলম বলেন, মোহাম্মদ জাকারিয়া নামের এক ব্যক্তির অসুস্থ সন্তান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে স্লিপে লিখে তাঁকে রাত দুইটার দিকে এভিল নামের একটি ইনজেকশন কিনে আনতে বলা হয়। জাকারিয়া স্লিপ নিয়ে হাসপাতালের সামনে দিশাত নামের ফার্মেসিতে গিয়ে ইনজেকশনটি চান। এ সময় ইনজেকশনটি তাঁর কাছে ৫০ টাকায় বিক্রি করা হয়। পরে খোঁজ নিয়ে জাকারিয়া জানতে পারেন, ইনজেকশনটির দাম মাত্র সাড়ে ৭ টাকা। এ ঘটনায় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জাকারিয়াকে জরিমানার অর্থ থেকে ২৫ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফার্মেসিটা সিলগালা করে দেওয়া হয়েছে।