তিন ব্যবসায়ীর প্রত্যেকের বাসার সামনে একটি করে চিরকুট পাওয়া যায়। তিনটি চিরকুটের ভাষা একই
তিন ব্যবসায়ীর প্রত্যেকের বাসার সামনে একটি করে চিরকুট পাওয়া যায়। তিনটি চিরকুটের ভাষা একই

‘রাতে ডাকাতি হবে, রেডি থাকবেন’, তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট

চিরকুটে আগাম ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কের তিন ব্যবসায়ীর বাসায় ডাকাতির হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তিন ব্যবসায়ীর প্রত্যেকের বাসার সামনে একটি করে চিরকুট পাওয়া যায়।

তিনটি চিরকুটের ভাষা একই। এতে লেখা, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ লেখার নিচে কার্টুনের মতো ছবি (ইমোজি) আঁকা। তবে তিনটি ইমোজিতে কিছুটা পার্থক্য আছে।

চিরকুট পাওয়া ব্যক্তিরা হলেন বরগুনা পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক ও চাল ব্যবসায়ী অমল কৃষ্ণ তালুকদার এবং আরেক চাল ব্যবসায়ী শংকর তালুকদার।

চিরকুট পাওয়ার ঘটনায় পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে।

আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, বুঝতে পারছি না। বিষয়টি প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন যে কোনো সমস্যা হবে না। তবে আতঙ্ক কাটছে না।
শংকর তালুকদার, চিরকুট পাওয়া ব্যবসায়ী

স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাটি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিকে জানিয়েছি।’

চিরকুট পাওয়া আরেক ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, ‘আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, বুঝতে পারছি না। বিষয়টি প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন যে কোনো সমস্যা হবে না। তবে আতঙ্ক কাটছে না।’

অমল কৃষ্ণ তালুকদারের পুত্রবধূ বন্যা তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বিকেল চারটার দিকে বাসার সামনে চিরকুটটি পাই। এখন আমরা আতঙ্কে আছি। পুলিশ এসেছিল। তারা আমাদের অভয় দিয়েছে। বলেছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের হয়রানি করার জন্য এমনটা করা হতে পারে।’

জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। কে বা কারা এটি করেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই এলাকা ও বাসাগুলোর নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।’