ফেসবুকে ‘বালিহাঁস’ ভোজনের স্ট্যাটাস দিয়ে বিপাকে যুবকেরা

মৌলভীবাজার জেলার মানচিত্র
মৌলভীবাজার জেলার মানচিত্র

কয়েকজন যুবক হাওরে গিয়ে দুপুরের খাবার খান। এরপর তাঁদের একজন পরিযায়ী পাখি বালিহাঁস দিয়ে ভোজনের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দেন কয়েকটি ছবি। বিষয়টি নজরে পড়ে প্রশাসনের। এ ব্যাপারে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে ওই যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তবে অভিযুক্ত যুবকেরা দাবি করেছেন, বালিহাঁস নয়, তাঁরা দেশি পাতিহাঁস দিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন। ভুলে ‘বালিহাঁস’ লিখে একজন স্ট্যাটাস দিয়ে ফেলেন। পরে অবশ্য সেটি সংশোধন করা হয়।

লিখিত অভিযোগ, জেলা প্রশাসন এবং বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহবুব আহমদ ওরফে সুমন নামের এক যুবক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল, বালিহাঁস দিয়ে আজকের আয়োজন হাকালুকি হাওরে। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও সংযুক্ত ছিল। বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসকের নজরে পড়লে তিনি এ বিষয়ে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার সদর বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা গোলাম ছরওয়ার বাদী হয়ে আজ রোববার বিকেলে কুলাউড়া থানায় অভিযোগ দেন।

অভিযোগে কুলাউড়া উপজেলার কামারকান্দি এলাকার বাসিন্দা আহমদ শাহরিয়ার ওরফে আহনাফ শাহরিয়ার (৩৫) ও মীরশংকর এলাকার মাহবুব আহমদ ওরফে সুমনের (৩২) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে বিবাদী করা হয়। অভিযোগে বলা হয়, ঘটনায় জড়িত ব্যক্তিরা ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪-এর খ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে আহনাফ শাহরিয়ার দাবি করেন, তাঁরা চারটি ‘দেশি পাতিহাঁস’ কিনে মাংস এবং ভাত রান্না করে হাওরে নিয়ে যান। এরপর সবাই মিলে খাওয়াদাওয়া করেন। পরে তাঁদের একজন ভুল করে দেশি পাতিহাঁসের পরিবর্তে ‘বালিহাঁস’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলেন। বিষয়টি নজরে আসার পর দ্রুত স্ট্যাটাসটি সংশোধনও করা হয়েছে।