জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনী কাজে অনেকে ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। এ ছাড়া ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শেষের পথে থাকলেও অনেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয়নি নির্বাচন কার্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা, এমন অভিযোগ আছে। অন্যদিকে আগামী ২ নভেম্বর সিলেটের একটি পৌরসভা, দুটি উপজেলা ও চারটি ইউনিয়নে নির্বাচন হবে। এসব বিষয়ে প্রথম আলো কথা বলেছে সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সঙ্গে।

প্রথম আলো: এনআইডি সংশোধনী কাজে মানুষ নির্বাচন কার্যালয়ে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে কী বলবেন?
ফয়সল কাদের: এনআইডি সংশোধন চারটি ক্যাটাগরি থেকে সংশোধন করা হয়। ‘ক’ ক্যাটাগরিতে উপজেলায়, ‘খ’ ক্যাটাগরিতে জেলায়, ‘গ’ ক্যাটাগরিতে আঞ্চলিক ও ‘ঘ’ ক্যাটাগরিতে কেন্দ্রীয়ভাবে হয়ে থাকে। সংশোধনের জন্য আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করা দরকার কিংবা যে প্রমাণ চাওয়া হয়, তা সঠিক সময়ে সরবরাহ না করায় আবেদন নিষ্পত্তি করতে দেরি হয়।
এখানে উল্লেখ করা প্রয়োজন, আবেদনের সময় একটি মুঠোফোন নম্বর দিতে হয়; কিন্তু আবেদনকারী যে দোকান থেকে আবেদন করেন সেখানকার মুঠোফোন নম্বর দেন। ফলে তিনি খুদে বার্তাটি (এসএমএস) দেখতে পারেন না। এ জন্য অনেক সময় আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয় না। সেবাগ্রহীতারা কোনো অনুমতি ছাড়াই যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
এনআইডি সংশোধনীর ক্ষেত্রে অনেকে আবেদনপত্র পূরণে ভোগান্তি হয় বলে অভিযোগ করেন। আসলে কী ধরনের সমস্যা হয়?
ফয়সল কাদের: সিলেট প্রবাসীঅধ্যুষিত এলাকা। তাই সেবাগ্রহীতাদের এনআইডি সেবা নিশ্চিত করার জন্য প্রতি মঙ্গলবার গণশুনানি করা হয়। এক বছর ধরে এটি চলছে। নির্বাচন কমিশনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য এ গণশুনানি আমরা উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছি, যা সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে শুরু করা হয়েছে।
সবাইকে বলতে চাই, আবেদনকারী যেন আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে নিজের সঠিক মুঠোফোন নম্বরটি দেন। যদি আবেদন পূরণে কোনো সমস্যা বা প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার পরামর্শ গ্রহণ করতে পারেন। সিলেট অঞ্চলে যাঁরা সংশোধনের আবেদন করেন, এর মধ্যে অধিকাংশই বয়স বা নামের আমূল পরিবর্তন করতে চান। এসব সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় তাঁদের এনআইডি সংশোধন করা যাচ্ছে না। ফলে এসব আবেদন সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয়।
সম্ভবত আপনাদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কাজ শেষ পর্যায়ে। অভিযোগ আছে, বাড়ি বাড়ি গিয়ে অনেক জায়গায় তথ্য সংগ্রহ করা হয়নি। যাঁরা বাদ পড়বেন, তাঁরা কীভাবে ভোটার হবেন?
ফয়সল কাদের: ভোটার তালিকা একটা চলমান প্রক্রিয়া। হালনাগাদে কেউ যদি ভোটার হতে না পারেন, তাহলে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় দলিলাদি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় হতে ছবি তোলার ব্যবস্থা করা হবে। এখানে বলে রাখি, ভোটার হতে কোনো টাকাপয়সা দেওয়ার প্রয়োজন হয় না।
প্রথম আলো: সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ২ নভেম্বর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন সিলেট জেলার ওসমানীনগর ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়নে ভোট হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিংবা অন্যান্য বিষয়ে সার্বিক প্রস্তুতি কেমন?
ফয়সল কাদের: নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।