ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড়’ চালানটি উখিয়া থেকে ঢাকায় যেত

জব্দ করা আইসের চালান নিয়ে কক্সবাজার র‍্যাব–১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পাশে আছেন র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে জব্দ ক্রিস্টাল মেথের (আইস) ‘সবচেয়ে বড়’ চালানটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে মজুতের পর চার ভাগে ভাগ করে নানা কৌশলে ঢাকা সরবরাহের পরিকল্পনা ছিল। কিন্তু র‍্যাবের জালে ধরা পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেল মাদক পাচারকারীদের।

পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে র‍্যাব ২৪ দশমিক ২ কেজি ওজনের আইসসহ চারজনকে গ্রেপ্তার করে। র‍্যাবের দাবি, অতীতে দেশের কোথাও আইসের এত বড় চালান জব্দ করা হয়নি।

গ্রেপ্তার চারজন হলেন পালংখালীর শফিউল্লাহ কাটা গ্রামের বাসিন্দা ও আইস চোরাচালানের অন্যতম হোতা ইমরান প্রকাশ ওরফে ইরান মাঝি (৩৩), তাঁর সহযোগী ও সহোদর মো. রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), উখিয়ার রাজাপালং এলাকার মো. আলাউদ্দিন (৩৫) ও টেকনাফের জয়নাল আবেদীন ওরফে কালা বদা (৩৭)। আজ রোববার তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করে মামলা করেছে র‍্যাব।

আইসের এই চালান জব্দের বিষয়ে আজ দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম।

খন্দকার আল মঈন বলেন, আইসের চালানটি মিয়ানমার থেকে আনা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব পালংখালীর শফিউল্লাহ কাটাসংলগ্ন ইরান মাঝির আস্তানায় অভিযান চালিয়ে ১২০ কোটি টাকা মূল্যের ২৪ কেজি ২০০ গ্রাম ওজনের আইসের চালানসহ চারজন আইস পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে সবচেয়ে আলোচিত মাদক হলো আইস বা ক্রিস্টাল মেথ। সাম্প্রতিক সময়ে আইসের মাধ্যমে নেশার প্রচলন বৃদ্ধি পাওয়ায় মাদক কারবারিরা পার্শ্ববর্তী দেশ থেকে কৌশলে আইসের চালান নিয়ে আসছেন। র‍্যাব এই মাদক কারবারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি বৃদ্ধি করেছে। এরই মধ্যে ৩০-এর বেশি অভিযান পরিচালনা করে ৩১ কেজি আইস উদ্ধার করা হয়।

আশ্রয়শিবিরে আইসের মজুত, সরবরাহ ঢাকায়
র‍্যাব সূত্র জানায়, জব্দ আইসের চালানটি মিয়ানমার থেকে এনে সীমান্তের নিকটবর্তী গোপন স্থানে জমা হয়। পরে সেখান থেকে দুর্গম পাহাড়ি অঞ্চল ও নৌপথ ব্যবহার করে বিভিন্ন কৌশলে আইসের চালানটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ দুর্গম পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রাখা হয়। এরপর সুবিধাজনক সময়ে মাদক পাচারকারীরা আইসের চালান ইরান মাঝির জামতলির সফিউল্লাহ কাটাসংলগ্ন পাহাড়ি এলাকার বাড়িতে (আস্তানায়) মজুত করে। সেখান থেকে শরীরের সঙ্গে বেঁধে, গাড়িতে লুকিয়ে বা নানা কৌশলে ঢাকায় সরবরাহ করা হতো। সর্বশেষ গত শনিবার আইসের বড় চালানটি ইরান মাঝির আস্তানায় মজুত করা হয়। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আইসের চালানটি চার ভাগে ভাগ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্টদের নিকট পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

গ্রেপ্তার চার মাদক কারবারি প্রসঙ্গে র‌্যাব কর্মকর্তারা জানান, আইস চোরাচালানের মূল হোতা ইমরান কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। মিয়ানমারের মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে ইমরান আগে দেশে ইয়াবার চালান নিয়ে আসতেন। পরে রাজধানীসহ বিভিন্ন স্থানে আইসের চাহিদা বৃদ্ধি পেলে দুই বছর ধরে তিনি (ইমরান) মিয়ানমার থেকে আইসের চালান নিয়ে আসছেন। এর আগে তিনি সমুদ্রপথে কয়েকটি আইসের চালান নিয়ে এসেছেন।

র‍্যাব জানায়, ইমরানের বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাচেষ্টাসংক্রান্ত সাতটির বেশি মামলা রয়েছে। ইতিপূর্বে ইমরান বিভিন্ন মামলায় চারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গ্রেপ্তার রুবেলও মাদক ব্যবসায়ী এবং ইমরানের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধেও উখিয়াসহ বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, মারামারি ও অপহরণসংক্রান্ত চারটির বেশি মামলা রয়েছে।

গ্রেপ্তার আলাউদ্দিন পুলিশের একজন বহিষ্কৃত সদস্য। তিনি ২০১৭ সালে মাদক বহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় মাদক, দস্যুতা ও মারামারিসংক্রান্ত চারটি মামলা রয়েছে। ইতিপূর্বে তিনি তিনবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। জামিনে বেরিয়ে এসে উখিয়ার পালংখালী, রাজাপালং ও উলুবুনিয়া এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলে আইসের চালান নিয়ে আসছেন।

গ্রেপ্তার অপরজন জয়নাল একই চক্রের সদস্য এবং টেকনাফের কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তিনি পাঁচবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। তাঁর বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও সরকারি কাজে বাধা প্রদানসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।