জাহাঙ্গীরনগরে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অন্তত চার শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন চার থেকে পাঁচজন করে শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্যাথলজি বিভাগের দেওয়া তথ্যমতে, ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত আট দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ৭৫০ শিক্ষার্থী চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করাতে আসেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সেই হিসাবে প্রতিদিন গড়ে চারজনের বেশি শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা শামছুর রহমান প্রথম আলোকে বলেন, অন্যবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে, সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। ডেঙ্গু শনাক্তকরণে পর্যাপ্ত কিটের সংকট আছে। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। ক্যাম্পাস অপরিষ্কার, ডোবা, পানি নিষ্কাশনের নালা, গোসলখানা ও টয়লেটের পাশে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটছে। নিয়মিত ওষুধ না ছিটানোয় মশার উপদ্রব বাড়ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তাওসিফ আবদুল্লাহ বলেন, কয়েক মাসের মধ্যে হলের করিডরে এক দিন মাত্র ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। ওই ফগার মেশিনের স্প্রেতে তেমন কাজ হয় বলে মনে হয় না। স্প্রে করে যাওয়ার পর মশার উৎপাত আরও বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে মশকনিধনের ফগার মেশিন আছে তিনটি। এর মধ্যে সাত মাস ধরে দুটি নষ্ট। সচল আছে মাত্র একটি যন্ত্র। এ ছাড়া এডিস মশার লার্ভা শনাক্তকরণে তাঁদের কাছে কোনো যন্ত্র নেই। লোকবল কম ও বাড়তি বাজেট না থাকায় এক মাসেরও বেশি সময়ের মধ্যে ক্যাম্পাসে মাত্র একবার মশার ওষুধ ছিটানো হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আবদুর রহমান বলেন, মশা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে এক সপ্তাহ পরপর স্প্রে করতে হয়। কিন্তু লোকবল, ফগার মেশিনের সংকট ও বাজেট স্বল্পতা আছে। ফলে গত এক মাসে মাত্র একবার স্প্রে করা সম্ভব হয়েছে।